শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের চেয়ে আদর্শ জায়গা আর নেই।’
সোমবার রাজধানীর একটি হোটেলে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান তিনি এ কথা বলেন। বিপিএল খেলতে ঢাকায় থাকা সাঙ্গাকারা অনুষ্ঠানে এসেছিলেন ভবিষ্যতের তারকাদের অনুপ্রেরণা জোগাতে। তার সঙ্গে ছিলেন দেশের দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
১৯ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৮টি। ঢাকা, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে হবে খেলা। ২২ জানুয়ারি থেকে শুরু প্রস্তুতি ম্যাচ, মূল টুর্নামেন্ট শুরু ২৭ জানুয়ারি।
সূচি অনুযায়ী, প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
‘এ’ গ্রুপে থাকছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা ও পাকিস্তান। ‘সি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ফিজি। আর ‘ডি’ গ্রুপটিই টুর্নামেন্টের ‘গ্রুপ অফ ডেথ’। তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে তিনবার শিরোপা জয়ী আরেক দল ভারত, নিউ জিল্যান্ড ও নেপাল।
সাঙ্গাকারার আগে-পরে ও সমসাময়িক অনেক ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে এলেও এই টুর্নামেন্ট খেলা হয়নি তার। এটা নিয়ে মজা করে সাঙ্গাকারা শোনালেন তরুণদের জন্য অনুপ্রেরণার কথা। তিনি বলেন, ‘ওই সময় আমি যথেষ্ট ভালো ছিলাম না, তাই যুব বিশ্বকাপ খেলা হয়নি। তবে তরুণদের জন্য এটি অসাধারণ এক প্ল্যাটফর্ম। পেশাদারিত্ব, প্রত্যাশার চাপের সঙ্গে মানিয়ে নেওয়াসহ ভবিষ্যতে অনেক শিক্ষাই এখান থেকে হয়ে যায়।’
সাঙ্গাকারা বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করে অনেকে ঘরোয়া ক্রিকেটে সুযোগ পায়, সরাসরি জাতীয় দলেও জায়গা হয় অনেকের। বিরাট কোহলির কথা বলতে পারি, এই টুর্নামেন্টে দিয়েই ওর আবির্ভাব। আজ সে ভারতের অধিনায়ক, আমার দেখা সেরা ব্যাটসম্যানদের একজন।’
