চলতি সপ্তাহে হোবার্টে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তার দল কোনো অনুকম্পা দেখাবে না বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রস্তুতি ম্যাচে সফরকারীরা পরাজিত হওয়ার পর সোমবার এ মন্তব্য করেন ওয়ার্নার।
গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের দুর্বল দলের কাছে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবিয় দলটি কতটা প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবে সে বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে তিনি সহজভাবে নেবেন কিনা-প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ওয়ার্নার স্কাই স্পোর্টস রেডিওকে বলেন, ‘মোটেই না’।
‘আমাদের মাঠে নামতে হবে এবং যথা সম্ভব আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা জানি ব্যাটিং ইউনিট হিসেবে তারা প্রথম অধিবেশনে সত্যিকারভাবেই কঠিন লড়াই করবে’।
‘আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা এটা করেছিল, শুরুতেই তারা আমাদের কয়েকটি উইকেট ফেলে দিয়েছিল। আমাদের হিসেব করে খেলতে হয়েছিল। তবে সেটা ছিল সেখানকার কন্ডিশনে’।
‘এখানকার কন্ডিশন কিছুটা ব্যাটসম্যান সহায়ক... আপনি মূলত আনার শট খেলতে পারবেন’।
গত মে-জুন মাসে ক্যারিবিয় সফরে দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া দল ডোমিনিকা টেস্টে ৯ উইকেটে এবং জ্যামাইকা টেস্টে ২৭৭ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।
র্যাংকিংয়ের দিক থেকে বিশ্বের পাঁচ নম্বর ব্যাটসম্যান হলেও ওয়ার্নার বিস্ময়করভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে কখনোই ভাল রান করতে পারেননি। ওয়ার্নারের ক্যারিয়ারে ব্যাটিং গড় ৫০.৪৮ হলেও ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ২৬.৯০।
এ বছর ক্যারিবিয় সফরে দুই টেস্টে তার মোট রান ৯৮। যার মধ্যে এক ইনিংসে ছিল ৬২।
তবে বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়ার্নার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ৯৮.৬৬ গড়ে মোট ৫৯২ রান করেছেন তিনি। তবে জেরোমে টেইলরের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণভাগ সম্পর্কেও সচেতন তিনি।
ওয়ার্নার বলেন, ‘তাদের বোলিং দেখাটা মজার বিষয় হবে’।
বৃহস্পতিবার ওভালে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচের আগে টেইলর ও তার নতুন বলের পার্টনার কেমার রোচের বিষয়ে কিছু হোমওয়ার্ক করেছেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আমি জানি চেইলর ফুল টস বল করতে পছন্দ করেন, কেননা তিনি সুয়িং করতে পছন্দ করেন। তার শিকার করা উইকেটগুলোর বেশির ভাগই কট বিহাইন্ড-বিষয়টি আমাদের নজরে রাখতে হবে’।
‘এবং কেমার রোচ একজন খুবই ভাল বোলার। ডান হাতি ব্যাটসম্যানদের প্রতি তিনি কিছুটা এ্যাঙ্গেলে বল সুয়িং করান। আমাদের সেরাটা খেলতে হবে’।
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট জিতেছিল। আর সর্বশেষ সিরিজ জয় ছিল ১৯৯২-৯৩ সালে। বাসস
