আসছে তরুণদের প্রকাশের সুযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ০৯:১১

উপস্থাপক তাকে অনুরোধ করলেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের মাঝখানে দাঁড়িয়ে ট্রফিটি আগলে ধরার জন্য; কিন্তু তাসকিন-মুস্তাফিজের মাঝখানে দাঁড়াতে অসম্মতি জানিয়ে সম্মানের সাথেই কুমার সাঙ্গাকারা বললেন, ‘এখন আমি স্টার নই। আমি এখন অবসর প্রাপ্ত ক্রিকেটার। সত্যিকারের তারকাতো ওরাই। ট্রফিটা তরুণদের হাতে মানায়।’

সেই তরুণদের জন্যই; তাসকিন-মুস্তাফিজদের চেয়েও ছোটদের জন্যই জানুয়ারিতে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই যুব বিশ্বকাপের ট্রফি উন্মোচন ও সূচি ঘোষণা করা হলো গতকাল সোমবার।

রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হয় যুব বিশ্বকাপের ট্রফি। আইসিসির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস। যুব বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আইসিসির বর্ষসেরা ক্রিকেট দলের দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের তরুণ সেনসেশন ক্রিকেটার, সাবেক যুব দল তারকা হিসেবে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ। এছাড়া বিসিবির প্রধান নির্বাহীসহ একাধিক বোর্ড পরিচালকও হাজির ছিলেন।

বাংলাদেশ ২০০৪ সালের মতো এবারও যুব বিশ্বকাপের আয়োজক। ২৭ জানুয়ারি চট্টগ্রামে উদ্বোধনী খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ দল। ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজেদের বাকি দুই খেলায় স্কটল্যান্ড ও নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২৩ ও ২৫ জানুয়ারি চট্টগ্রামে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিকরা। ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল হবে।

দেশের আটটি ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০টি ম্যাচ স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এবারের আসরে দশটি টেস্ট খেলুড়ে দল— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে সরাসরি খেলছে। ছয়টি সহযোগী ও অধিভুক্ত দল— আফগানিস্তান, কানাডা, ফিজি, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড বাছাইপর্ব পার করে বিশ্বকাপে অংশ নিচ্ছে।

গতকালের এই অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগেও আমরা আইসিসির একাধিক ইভেন্ট আয়োজন করেছি। বিশ্বকাপের সফল আয়োজক হিসেবে আইসিসিতে আমাদের সুনাম আছে। আমার বিশ্বাস যুব বিশ্বকাপও সুন্দরভাবে আয়োজন করতে পারবো।’ তিনি আরো বলেন, ‘আমরা যুব বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত আছি। ভেন্যুগুলো প্রস্তুত বিশ্বকাপের জন্য। আশা করি চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা এবং সিলেটে সুন্দরভাবে ম্যাচগুলো আয়োজন করা যাবে।’

আইসিসির জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এমন এক আসর যা প্রতিভাবান খেলোয়াদেরকে শুরু থেকেই বিশ্বমানের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত করে। অসংখ্য খেলোয়াড় এই আসরের মধ্য দিয়ে উঠে এসেছে এবং দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভার ছাপ রেখেছে।’

শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বলেন, ‘উদীয়মান ক্রিকেটারদের জন্য এটা একটা প্লাটফর্ম, বিশ্বমঞ্চে নিজেকে জানান দেয়ার। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক তারকা ক্রিকেটার বেরিয়ে এসেছে।’ বাংলাদেশ দলের উদীয়মান পেসার তাসকিন আহমেদ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমাদের সহযোগিতা করেছে বিশ্বকাপে খেলার জন্য। যুব বিশ্বকাপে খেলে অনেকে জাতীয় দলে সুযোগ করে নিয়েছে। এখন যুব দলে যারা আছে তারাও একদিন জাতীয় দলে নিজেদের জায়গা করে নিতে পারবে।’

জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার, কার্টার খ্যাত মুস্তাফিজুর রহমান বলেন, ‘যুব বিশ্বকাপ আগামীর তারকা হওয়ার মঞ্চ। আমাদের দলে ভালো মানের কিছু খেলোয়াড় আছে। আমার বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো।’

গ্রুপ ‘এ’

দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, স্কটল্যান্ড নামিবিয়া।

গ্রুপ ‘বি’

পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা।

গ্রুপ ‘সি’

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ফিজি।

গ্রুপ ‘ডি’

অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, নেপাল।