বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৫’। দেশের জনগণকে অনলাইন বিপণন সম্পর্কে উদ্বুদ্ধ করতে এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীতে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
গ্রামীণফোনের নিবেদনে দিনব্যাপী এই সম্মেলনে অনলাইন বিপণনে বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আর প্যানেল আলোচকরা এ ব্যাপারে তাদের অভিমত তুলে ধরবেন। একই সাথে সমস্যা সমাধানে দ্রুত কৌশল নির্ণয় এবং ধারণা তৈরির ওপর থাকবে বিশেষ অধিবেশন। সম্মেলনটিতে ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো তাদের বিভিন্ন সেবা তুলে ধরবে। এছাড়া, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ জ্ঞানের একটি অধিবেশনও থাকবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ছয়টি অধিবেশন থাকবে। এসব অধিবেশন পরিচালনা করবেন বিশ্বের খ্যাতনামা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। সম্মেলনের মূল প্রবন্ধগুলোতে বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন বিপণনের কারিগরি ও কৌশলগত বিষয়গুলো তুলে ধরা হবে।
এই সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে এসএসডি-টেক। এতে আরও সহায়তা করছে সিম্ফনি। সম্মেলন আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হয়েছে দ্য ডেইলি স্টার, টিভি পার্টনার হিসেবে আছে একাত্তর টিভি, ম্যাভেরিক রয়েছে ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে, সোশ্যাল মিডিয়া পার্টনার হয়েছে ওয়েবেবল এবং মাস্টহেড পিআর রয়েছে পিআর পার্টনারের ভূমিকায়।
