বাফুফের সেই সভা হতে পারে আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১১:৩৬

ফুটবল খেলোয়াড় দলবদলের বিষয়ে বাফুফের জরুরি সভাটি গতকাল হয়নি। যদিও জরুরি বৈঠকে বসার কথা জানিয়ে কর্মকর্তাদের এসএমএসের মাধ্যমে অবগত করা হয়েছিল।  জানা গেছে সেটি হবে আজ।

গতকাল বিকাল তিনটার আগেই জানা গেলো জরুরি সভা হচ্ছে না। কেন হচ্ছে না তা জানতে সাধারণ সম্পাদকের রুমে সংবাদ মাধ্যমের ভীড় জমলেও কোনো জবাব মিলেনি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন কোনো মিটিং হওয়ার কথা ছিল না। তিনি বললেন, আমার কোনো কিছু জানা নেই।

বাফুফের সদস্য ফজলুর রহমান বাবুল বললেন, আমরা তো জানি মিটিং আছে। কিন্তু এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হলো মিটিং হচ্ছে না। মিটিং হবে আগামীকাল (আজ)। বাফুফের আরেক সদস্য আজমল আহমেদ তপনও এসেছিলেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মিটিং তো হওয়ার কথা ছিল কিন্তু সেটা বাতিল করা হয়েছে। শুনেছি মিটিং আগামীকাল (আজ) পান্থপথে সালাহউদ্দিন ভাইয়ের অফিসে হবে।

জানা গেছে গতকাল দুপুরেই বাফুফের কিছু কর্মকর্তা টেলিকনফারেন্স করে জরুরি সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। জরুরি সভার এজেন্ডা নিয়ে আরো গভীরভাবে ভেবে দেখার জন্য সময় নিয়েছেন। কারণ সভার উদ্দেশ্যই ছিল আসন্ন খেলোয়াড় দলবদল স্থগিত করা হবে কি হবে না, বা উদ্ভূত পরিস্থিতিতে করণীয় এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ।

গত শনিবার ক্লাব সমিতির বৈঠকে পেশাদার লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মোহামেডান, ব্রাদার্স বিজেএমসির সাথে চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়াও দলবদলের সময় পরিবর্তনের দাবীর পক্ষে সমর্থন জানায়। তাদের দাবী আগস্টে দলবদল সেপ্টেম্বরে লিগ খেলতে চাই।

পেশাদার লিগের ৫ ক্লাব লিগ কমিটির পুনর্গঠন দাবী করেছে, বাফুফের কাছে ক্লাবগুলোর বকেয়া দাবী করেছে। বেশ কয়েকটি দাবীর প্রেক্ষিতে বাফুফে (২৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি) দলবদলের বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে মতামত চেয়ে চিঠি পাঠাতে চেয়েছিল। বিকালের সিদ্ধান্ত সন্ধ্যায় পরিবর্তন করে গতকাল জরুরি সভারও প্রস্তুতি নেয়। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও পিছু হঠে বাফুফে। এমনকি আজ যে সভা হবে সেটাও কিনা নিশ্চিত না।