অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগের (এমসিএল) নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ১ লাখ ৭৫ হাজার ডলারে ক্যালিসকে দলে ভিড়িয়েছে লিব্রা লিজেন্ডস। দ্বিতীয় সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্টকে দলে টেনেছে সাগিতারিয়াস সোলজার। তার মূল্য ১ লাখ ৭০ হাজার ডলার।
লিব্রা লিজেন্ডসের একই দলে খেলবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও ক্যালিস। এছাড়া ঐ দলে আরও আছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান, অস্ট্রেলিয়ার শন টেইট ও ব্র্যাড হজ।
গিলক্রিস্টের দল সাগিতারিয়াস সোলজারে আরও আছেন নিউজিল্যান্ডের শেন বন্ড, ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। টিম লিওতে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তার দলে আরও আছেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন।
জিমিনি অ্যারাবিয়ানসে আছেন মুরালিধরন, সাঙ্গাকারা, শেবাগ ও সাকলাইন মুস্তাক। টিম ভারগোর জার্সি গায়ে দেখা যাবে- অস্ট্রেলিয়ার ব্রেট লি, দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস ও গ্রায়েম স্মিথকে। ক্যাপ্রিকর্ন কমান্ডারর্সের হয়ে মাঠ মাতাবেন ইংল্যান্ডের মাইকেল ভন, কলিংউড, অস্ট্রেলিয়ার এন্ড্রু সাইমন্ডস ও পাকিস্তানের আব্দুর রাজ্জাক।
এমসিএল টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিবে। প্রত্যক দলই আইকন খেলোয়াড় ছাড়াও দুই জন সেরা খেলোয়াড়কে দলে নিয়েছে। আইকন খেলোয়াড়দের নিলামে বেজ প্রাইস ছিলো ১ লাখ ডলার। আগামী ২৮ জানুয়ারী শুরু হবে এমসিএল টুর্নামেন্ট। চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। দুবাই ও শারজায় অনুষ্টিত হবে টুর্নামেন্টের সবগুলো খেলা। বাসস
