বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের আরেক খেলোয়াড় মোহাম্মদ হাফিজ খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। মঙ্গলবার বিপিএলের ২৫তম ম্যাচে আমিরের শিকারের তালিকায় নাম লেখান হাফিজ। তাতেই উত্তেজনা ছড়িয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
কারণটা হলো, বিপিএল শুরুর আগে হাফিজ বলেছিলেন- আমির যে দলে খেলবেন সে দলে আমি খেলবো না। তিনি বলেছিলেন, ‘স্পট ফিক্সিং করে পাকিস্তান ক্রিকেটের সুনাম নষ্ট করেছেন আমির।’
আমিরের চট্টগ্রামে না খেললেও, ঢাকার হয়ে বিপিএলের নিজের প্রথম ম্যাচ খেলেছেন হাফিজ। মঙ্গলবার মুখোমুখি হয় ঢাকা ও চট্টগ্রাম। ঐ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দেখা হয় আমির ও হাফিজের।
ঢাকার ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলেই ক্রিজে যান হাফিজ। আর পঞ্চম ওভারের চতুর্থ বলে প্যাভিলিয়নে ফিরেন হাফিজ। তাকে শিকার করেন আমির। হাফিজের উইকেট নিয়ে উল্লাসে মেতে উঠেন আমির। কথা দিয়ে ব্যঙ্গ করলেও, মাঠের লড়াইয়ে এক অর্থে হাফিজকে ঠিকই হারিয়ে দিয়েছেন আমির।
