সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে ঐক্য চায় দেশটির বিভক্ত হয়ে পড়া সরকার বিরোধী রাজনৈতিক ও বিদ্রোহী দলগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদের আলোচনায় এ ঐক্য গড়ার চেষ্টায় আছে দলগুলোর প্রতিনিধিরা।
সিরিয়ার বিদ্রোহী দলগুলোর বড় সমর্থকদের অন্যতম সৌদি আরব। বিভক্ত হয়ে পড়া সব বিরোধী ও বিদ্রোহী দলকে এক মঞ্চে জড়ো করে সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানের পথ খুঁজছে সৌদি আরব সরকার। আর তাই আন্তর্জাতিক সিরিয়া শান্তি আলোচনা শুরুর আগেই একটি ঐক্য গড়ার চেষ্টায় সৌদি আরব এ বৈঠক আয়োজন করেছে। যদিও বৈঠকে প্রভাবশালী কয়েকজন বিরোধী নেতা ও প্রধান কুর্দি বাহিনীর কোনো প্রতিনিধিত্ব না থাকায় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন অধরা থেকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
বুধবার রিয়াদের একটি হোটেলে শুরু হচ্ছে এ বৈঠক। এজন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্রোহী যোদ্ধা ও বিরোধী দলগুলোর নেতারা হোটেলে জড়ো হতে শুরু করার পর সাংবাদিকদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে সবচেয়ে কঠিন পদক্ষেপের একটি হচ্ছে দেশটির বিচ্ছিন্ন বিদ্রোহী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দ্রুত তা মধ্যপ্রাচ্যের শিয়া ও সুন্নি মুসলিম দেশগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ইরানের ক্ষমতাসীন শিয়া সরকার আসাদের সমর্থক।
সৌদি আরবে আয়োজিত বৈঠকের সমালোচনা করে ইরান কর্তৃপক্ষ বলেছে, এ বৈঠক সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান খোঁজার প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলবে। আসাদের সবচেয়ে বড় সমর্থক রাশিয়া আসাদকে সিরিয়ার রাজনীতির মূল স্রোতে রেখে দেশটির সঙ্কট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন আদায়ের চেষ্টা করছে।সিরিয়ায় গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাড়িঘর ত্যাগ করতে হয়েছে এক কোটি ২০ লাখ মানুষকে। রয়টার্স।
