ক্রিস্টিয়ানো রোনালদোর নিজেকে ছাড়িয়ে যাওয়ার দিনে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই রোনালদোর ১১ তম গোলের পাশাপাশি সুইডিশ দলটির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমাও।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘এ’ এর শীর্ষস্থান আগেই নিশ্চিত করে ফেলায় মালমোর বিপক্ষে ম্যাচে খুব বেশি কিছু করা দরকার ছিল না রিয়াল মাদ্রিদের। তারপরেও পুচকে মালমোকে বিন্দুমাত্র ছাড় দিল না মাদ্রিদের ‘রাজকীয়’ দলটি। ম্যাচের দ্বাদশ মিনিটেই বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১২ মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। রোনালদোর উঁচু করে বাড়ানো ক্রসে অসাধারণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার।
IMG0
ম্যাচের ৩৯ মিনিটে স্কোরশিটে নাম লেখান রোনালদো। ডি বক্সের বাঁদিক থেকে জোরালো ফ্রি-কিকে বল জালে জড়ান তিনবারের বর্ষসেরা তারকা। বিরতির কিছু আগে দ্বিতীয় গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু ১২ গজ দূর থেকে তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো, ৫-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ৪৭তম মিনিটে ছয় গজ বক্সের একটু সামনে ফাঁকায় বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। আর ৫০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে তার শট গোলরক্ষকের পায়ে লাগলেও ভেতরে ঢুকে যায়।
৫৬তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে নিজের হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন গত শনিবার লা লিগায় গেটাফের জালে জোড়া গোল করা বেনজেমা। ৫৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান রোনালদো। ডান দিক থেকে ইসকোর বাড়ানো বলে প্রথম শটেই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ক্যারিয়ারে রোনালদোর এটা ৮৮তম চ্যাম্পিয়ন্স লিগ গোল। এ নিয়ে ১১টি গোল করে এবারের আসরেও এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কেউ গ্রুপ পর্বে দুই অঙ্কের গোল করতে পারেনি। এর আগে রোনালদো নিজেই করেছিলেন
IMG1
৭০তম মিনিটে গোলবন্যায় যোগ দেন মাতেও কোভাচিচ। হেসে রদ্রিগেজের শট গোলরক্ষক উইলান্ড ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। এই মৌসুমেই বার্নাব্যুতে আসা কোভাসিচের এটা রিয়ালের হয়ে প্রথম গোল। সুইডেনের ক্লাব মালমোর দু:স্বপ্নের এখানেই শেষ নয়। ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণের মধ্য দিয়ে স্কোরলাইন ৮-০ করেন বেনজেমা। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বেনজেমার এটা ৪৬তম আর এবারের আসরে চতুর্থ গোল। দুর্দান্ত এই সাফল্যে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করা রিয়ালের পয়েন্ট ৬ ম্যাচে হলো ১৬। ‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্বে তাদের সঙ্গী পিএসজির পয়েন্ট ১৩। দিনের অন্য ম্যাচে তারা ২-০ গোলে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ককে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে পিএসজির গোল দুটি করেন লুকাস মাউরা ও জাতান ইব্রাহিমোভিচ। গোল.কম।
