শীর্ষে থেকে নক আউট রাউন্ডে ম্যানসিটি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১১:০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে নাটকীয় এক জয়ে গ্রুপ ডি এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলে জার্মান ক্লাবটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
 
এই জয়ে আর অন্য ম্যাচে গতবারের রানার্সআপ জুভেন্টাসের হারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে সিটির। গত সেপ্টেম্বরে প্রথম লেগে মনশেনগ্লাডবাখের মাঠে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ডের ক্লাবটি।
 
ঘরের মাঠ ইতিহাদে মঙ্গলবার রাতে ম্যাচের ১৬ মিনিটে ডেভিড সিলভার নৈপুণ্যে এগিয়ে যায় সিটি। ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের ব্যাকপাস ধরে ডি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে বিদ্যুৎ গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন সিলভা। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য তিন মিনিটও স্থায়ী হয়নি সিটির। ডি বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে মনশেনগ্লাডবাখকে সমতায় ফেরান জার্মান খেলোয়াড় জুলিয়ান কর্ব।
 
৪২তম মিনিটে পিছিয়ে পড়ে সিটি। ১২ গজ দূর থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় কোনো সাফল্য না মেলায় হয়তো হারের শঙ্কাই পেয়ে বসেছিল সিটি সমর্থকদের। কিন্তু এক মিনিটের ব্যবধানে স্টার্লিংয়ে জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
 
IMG0
 
৮০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরানোর পরের মিনিটেই দ্বিতীয় গোলটি করেন এই মৌসুমেই সিটিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার। আর ৮৫তম মিনিটে স্কোরলাইন ৪-২ করে সিটির জয় নিশ্চিত করেন আইভরিকোস্ট ফরোয়ার্ড উইলফ্রেদ বোনি।
 
 
‘ডি’ গ্রুপে শেষ রাউন্ডের অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ১-০ গোলে হেরে গেছে ইতালির চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সেভিয়ার স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে।
 
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে স্পেনের সেভিয়া। শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া সিটির পয়েন্ট ৬ ম্যাচে ১২। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থান পেয়েছে জুভেন্টাস। গোল.কম।