ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে কাল!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৮

অবশেষে ডিসেম্বরেই ভারত-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। বর্তমানে পাকিস্তান সফরে রযেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা স্বরাজের পাকিস্তানে থাকার সময়ই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেটা আগামী কাল।


তবে ভারতীয় গণমাধ্যামের মতে, যদি কাল নাগাদ সবুজ সঙ্কেত না পাওয়া যায়, তাহলে হয়তো ডিসেম্বরে আর সিরিজের আয়োজন করা যাবে না।


ভারতীয় বোর্ড থেকে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানে থাকা সুষমার সঙ্গে যোগাযোগ রাখছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। যিনি বরাবরই ভারত-পাকিস্তান সিরিজের পক্ষে। রাজীব বলেছেন, ‘প্রতি মিনিটেই যোগাযোগ থাকছে। দেখা যাক কী হয়।’ সিরিজ যদি হয়, শ্রীলঙ্কায় হবে।


কিন্তু প্রশ্ন হল, সিরিজ হওয়ার মতো সময় কোথায়? ভারত অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ৭ জানুয়ারি রওনা হয়ে যাচ্ছে। পাকিস্তান যাচ্ছে এক দিন পরে নিউজিল্যান্ড। তার মানে যা করার এরই মধ্যে করতে হবে।


সিরিজ যদি হয়, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে নয়-দশ দিন খেলা হবে বলে শোনা যাচ্ছে। যা ভারতীয় বোর্ড কর্তারা সরকারিভাবে সমর্থন বা খারিজ, কোনোটাই করেননি।