সাভারে নিহত দুই ব্যবসায়ীর লাশ ছিনিয়ে নিয়ে পুলিশের বিরুদ্ধে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী দ্বয়ের মৃত্যু হয়েছে দাবি করলেও এলাকাবাসী বলছে ডাকাতির ঘটনায় তারা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ভাকুর্তা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত দুই সবজি ব্যবসায়ী হলেন- মহসিন (৪০) ও মাসুদ (২০)।
কক্সবাজার প্রতিনিধি জানান, জেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় সহোদর দুই শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- জেলা শহরের পাহাড়তলী এলাকার মো. আলমের ছেলে জাহিদুল ইসলাম সিফাত (২৮) ও শহিদুল ইসলাম আরফাত (২৪)। এস.আই মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, স্থানীয়দের দেয়া সংবাদে লাশ দুটি উদ্ধার করেছি। সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সিফাত ও আরফাত শহরের শীর্ষ সন্ত্রাসী। আভ্যন্তরীণ বিরোধের জের ধরে সংঘর্ষে এ তারা খুন হতে পারেন। সহোদর সিফাত-আরফাত বাহিনীর হাতে জিম্মি ছিল ৭ গ্রামের মানুষ। হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চাঁদাবাজীসহ সিফাতের বিরুদ্ধে ২২টি মামলা ও আরফাতের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
