ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর হ্যাটট্রিকে অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ড নিশ্চিত করলো আর্সেনাল। টানা ১৬ তম বারের শেষ ষোলো নিশ্চিত করলো আর্সেনালের দল।
নকআউট রাউন্ডে যেতে হলে গ্রিসের রাজধানীর অ্যাথেন্সের দলটির মাঠে আর্সেনালকে কমপক্ষে ১ গোলের ব্যবধানে জিততে হত। অলিভিয়ে জিরুর দারুণ এক হ্যাটট্রিকে সে সব হিসেব-নিকেশ চুকিয়ে শেষ ষোলোতে পা রেখেছে ইংল্যান্ডের দলটি। আর্সেনালের মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল অলিম্পিয়াকোস। তাই ফিরতি লেগের এই ম্যাচে জয়ের পাশাপাশি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার মতো স্কোরলাইন হওয়াটাও জরুরি ছিল এমিরেটসের দলটির। সে লক্ষ্যে শুরুটা ভালোই হয় তাদের।
IMG0
২৯তম মিনিটে অলিভিয়ের জিরুর নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যামসের ক্রসে হেডে গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে আর্সেনাল চাপ বাড়ালেও সাফল্য মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় আর্সেনাল। ৪৯তম মিনিটে জিরুর দ্বিতীয় গোলটিতে দারুণ অবদান ছিল জো কাম্পবেলের।
দুই জনকে কাটিয়ে কোস্টারিকার এই ফরোয়ার্ডের রক্ষণচেরা পাস পেয়ে প্রথম শটেই লক্ষভেদ করেন জিরুদ। এই ব্যবধানে ম্যাচ শেষ করতে পারলেই শেষ ষোলোতে উঠতো আর্সেনাল। তবে ৬৭তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন জিরু। অলিম্পিয়াকোসের ডি বক্সে তাদের নরওয়ের ডিফেন্ডার ওমর এলাবদেলাউইয়ের হাতে লাগলে পেনাল্টি পায় আর্সেনাল। তা থেকেই হ্যাটট্রিক পূরণ করেন দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার।
IMG1
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারায় আগেই নকআউট পর্বে ওঠা বায়ার্ন মিউনিখ। শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। দ্বিতীয় হওয়া আর্সেনালের পয়েন্ট ৯। অলিম্পিয়াকোসের পয়েন্টও আর্সেনালের সমান ৯, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে পড়ায় ইউরোপা লিগে নেমে গেছে গ্রিক দলটি। গোল.কম।
