প্রিমিয়ার লিগে খারাপ সময় গেলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে খুব একটা কষ্ট হয়নি চেলসির। ঘরের মাঠে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই নক আউট রাউন্ড নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে বুধবার রাতে ফিরতি লেগের এই ম্যাচে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। দিয়েগো কস্তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। কিন্তু ফিরতি বল স্প্যানিশ ডিফেন্ডার আইভান মার্কানোর বুকে লেগে জালে জড়ায়।
IMG0
বিরতির আগে বাকি সময়ে আর কোনো সুযোগই তৈরি করতে পারেনি মরিনহোর শিষ্যরা। ৫২তম মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে জালে জড়ান ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান। এই গোলে জয়ের পাশাপাশি চেলসির পরবর্তী রাউন্ডে ওঠাও নিশ্চিত হয়ে যায়। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
অন্য ম্যাচে মাকাবি তেল আবিবকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে চেলসির সঙ্গী হয়েছে ইউক্রেনের ডায়নামো কিয়েভ। তাদের পয়েন্ট ১১। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে নেমে গেছে পোর্তো। গোল.কম।
