মোহামেডান শেখ জামাল ছাড়া অন্যরা রাজি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১১:১৭
পেশাদার ফুটবল লিগের ১০ ক্লাবের মধ্যে আটটিই ঘোষিত সময়ে দলবদলে অংশগ্রহণ করতে রাজি। শুধু তাই নয়, জানা গেছে ২৬ ডিসেম্বর খেলোয়াড় দলবদলে অংশগ্রহণ করার জন্য ক্লাবগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সম্মতি দিয়েছে।
 
গত বুধবার বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের ব্যক্তিগত অফিসে হয়ে যাওয়া অনানুষ্ঠানিক সভায় মোহামেডান এবং শেখ জামাল ছাড়া অন্য ক্লাবগুলো উপস্থিত ছিল। ক্লাবের শীর্ষ কর্মকর্তারা বাফুফের প্রস্তাবনায় স্বাক্ষর করেছে। তারা দলবদলে যেতে চান। সভা সূত্রে জানা গেছে আবাহনীর কাজী নাবিল এমপি, শেখ রাসেলের ইসমত জামিল আকন্দ, ব্রাদার্সের মহিউদ্দিন মুহি, ফেনীর সকার ক্লাবের তাবিথ আওয়াল, চট্টগ্রাম আবাহনীর সামশুল হক চৌধুরী এমপি এই প্রস্তাবনায় স্বাক্ষর করেন। এও জানা গেছে তাদের সাথে সম্মতি দিয়েছে মুক্তিযোদ্ধা, বিজেএমসি, রহমতগঞ্জ।
 
সভা সূত্র বলছে- ক্লাবগুলোর শীর্ষ এই কর্মকর্তারা স্বাক্ষর করে জানান দিয়েছেন তারা খেলতে চান, ফুটবল মাঠে রাখতে চান। তবে এ বিষয়ে কোনো শীর্ষ ক্লাব সরাসরি কিছু বলছে না। শুধু ব্রাদার্সের মহিউদ্দিন মুহি বলেছেন,‘২৬ তারিখে দলবদল হচ্ছে, ব্রাদার্স এটার বিপক্ষে নয়।’ তিনি আরো বলেন,‘আমরা চাই ফুটবল হোক।’ এই মতামতে আস্থা রেখে অন্য ক্লাবগুলো একমত হয়ে স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ব্রাদার্সের কর্মকর্তা মুহি। সূত্রমতে পুরো বিষয়টা জানেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়। ক্লাবগুলোর লিখিত কাগজটা তার কাছেই রয়েছে। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে প্রথমে বললেন,‘নো কমেন্টস।’ এরপর বলেন, তবে ধারাবাহিকতা রাখতে আমরা লিগ কমিটিকে সহযোগিতা করবো।
 
এদিকে বাফুফের আরেক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন শেখ জামাল এবং মোহামেডান ছাড়া বাকি ক্লাবগুলো লিখিত দিয়েছে যে তারা নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণ করতে চায়। এই নীতি নির্ধারক জানিয়েছেন প্রয়োজনে দুই ক্লাব ছাড়াই লিগ হবে। তবে আমরা আশা করছি মোহামেডান ও শেখ জামাল দলবদলে অংশগ্রহণ করবে এবং তারা তাদের ফুটবল কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রাখবে।