অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব দল। আজ বৃহস্পতিবার রাতেই কক্সবাজার চলে যাবে বাংলাদেশ যুব দলটি। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে এক সপ্তাহের ক্যাম্প হবে যুব দলের। কক্সবাজারের পর্ব শেষ হয়ে ঢাকায় ফিরলে আবার এক সপ্তাহের ক্যাম্প অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, আজ রাতে কক্সবাজার যাচ্ছে বাংলাদেশ যুব দলটি। কক্সবাজারে এক সপ্তাহের ক্যাম্প শেষে ঢাকায় ফিরলে মিরপুর একাডেমির মাঠে আরো এক সপ্তাহ ক্যাম্প হবে। ঢাকার অনুশীলন পর্বে দু-একটি প্রস্তুতি ম্যাচও খেলার সম্ভাবনা রয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের।
বাংলাদেশ ২০০৪ সালের মতো এবারও যুব বিশ্বকাপের আয়োজক। ২৭ জানুয়ারি চট্টগ্রামে যুব বিশ্বকাপের পর্দা উঠবে, ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার পরিসমাপ্তি হবে। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ভালো খেলার তাগিদ থেকেই
চলতি বছরের শুরু থেকে যুবাদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বিসিবি। সেই পরিকল্পনার অংশ হিসেবে যুবাদের উপদেষ্টা হিসেবে জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট লকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেয় বিসিবি। প্রথম দফা তিনি ঢাকায় এসে যুবাদের কিছু দিকনির্দেশনা দিয়ে ফিরে গেছেন। আগামী জানুয়ারি মাসের শুরুতে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত বাংলাদেশ যুব দলটির সাথে কাজ করার কথা রয়েছে লর।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই খেলার মধ্যে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটিকে। কলকাতায় সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজসহ এ বছর পাঁচটি সিরিজ খেলেছে বাংলাদেশ যুব দল। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ভারতীয় যুবাদের কাছে হেরে রানার্স-আপ হলেও বাকি চারটি দ্বিপাক্ষিক সিরিজে একক আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।
প্রথমে শ্রীলঙ্কার মাঠে লঙ্কানদের ৩-২ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে বাংলাদেশ যুব দল। ঘরের মাঠে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের ৬-১-এ ওয়ানডে সিরিজে পরাজিত করে। মাসখানেক ব্যবধানে ফের আফ্রিকায় গিয়ে স্বাগতিকদের ৫-২-এ সিরিজ পরাজিত করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে যুব দলকে ৪-০ ব্যবধানে পরাজিত করে মেহেদী হাসানের বাহিনী। বাংলাদশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাম্প্রতিক এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা এবং বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে বিবিসি।
সব কিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ক্যারিবিয়ান যুব দলটির। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কক্সবাজার চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ যুব দল। ১১ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৬ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের সাথে দ্বি-পাক্ষিক সিরিজ শেষে বিশ্বকাপের জন্য এখানেই প্রস্তুতি নেবে ওয়েস্ট ইন্ডিজ যুবারা।
