দাউদ ইব্রাহিমের রেস্তোরাঁ নিলামে বিক্রি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৬:১৭
 
ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মালিকানাধীন মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ সরকারি নিলামে চার কোটি পাঁচ লাখ ভারতীয় রুপিতে কিনে নিয়েছেন শহরটির এক সমাজসেবী। দিল্লি জাইকা নামের ওই রেস্তোরাঁ ছাড়াও পলাতক দাউদের মুম্বাইয়ে থাকা অন্যান্য সম্পত্তিও বুধবার নিলামে তোলে সরকার।
 
দিল্লি জাইকা রেস্তোরাঁর ক্রেতা এস বালাকৃষ্ণান রেস্তোরাঁটিকে দরিদ্র শিশুদের জন্য একটি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
 
ফেরারি দাউদ ১৯৯৩ সালে মুম্বাইয়ে চালানো ধারাবাহিক বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। ওই হামলায় ২৫৭জন নিহত ও ৭০০জনেরও বেশি মানুষ আহত হন। দাউদ পাকিস্তানের করাচি শহরে বসবাস করছেন বলে দাবি করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।
 
বালাকৃষ্ণানকে ৩০দিনের মধ্যে সরকারি দফতরে টাকা জমা দিয়ে রেস্তোরাঁর মালিকানা গ্রহণ করতে হবে। অনুদান সংগ্রহ করে এই টাকা তোলার চেষ্টা করছেন তিনি। তিনি বলেন, ‘আমি এই জায়গায় শিশুদের জন্য একটি কম্পিউটার সেন্টার ও নারীদের জন্য একটি আইনি সহায়তা কেন্দ্র খুলতে চাই।’
 

সাবেক এই সাংবাদিক জানান, ‘এর আগেও সরকার দাউদের সম্পত্তি বিক্রির উদ্যোগ নিলেও অপরাধ জগতের এই হোতার সম্পত্তি কেনার সাহস করেননি কেউ। কিন্তু এবার আমরা সাহস দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।’