টি২০ বিশ্বকাপে স্টার্কের খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৬:১৮
 
গোঁড়ালির ইনজুরির কারণে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হচ্ছে অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ককে। আর সে কারণে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্র এই আশঙ্কার বিষয়টি নিশ্চিত করেছে।
 
চলতি বছর ইংল্যান্ডে এ্যাশেজ সিরিজের সময় ডান গোঁড়ালিতে স্টার্ক সমস্যা অনুভব করেন। গত মাসে এডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে আবারো একই পায়ে সমস্যা দেখা দেয়। আর সে কারণেই তার গোড়ালিতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে, যে কারণে অস্ট্রেলিয়ান মৌসুমের বাকি সময়টা স্টার্কের আর মাঠে নামা হচ্ছে না।
 
এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট ডিভে বিকলে এক বিবৃতিতে বলেছেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনার পরে আমাদের কাছে মনে হয়েছে অস্ত্রোপচারই একমাত্র সমাধান। এতে স্টার্কও রাজি হয়েছেন। অস্ত্রোপচার সম্পন্ন হলেই নিশ্চিত হয়ে বলা যাবে কবে নাগাদ তিনি ফিরতে পারেন। তবে ধারণা করা হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপে তার আর খেলা হচ্ছে না।
 
স্টার্কের অস্ত্রোপচারের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি২০ ফর্মেটের বিশ্ব আসর।-বাসস।