দিনাজপুরে ইসকন মন্দিরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ৩

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৫
 
দিনাজপুরে ইসকন মন্দিরে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষনের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার প্রতিবাদে ইসকনের ভক্তরা শুক্রবার দুপুরে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মন্দিরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দবাজার থেকে ২০০ গজ দূরে দেহচি ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালীন মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত হামলা চালায়। প্রথমে ককটেল নিক্ষেপ করা হলে তা অবিস্ফোরিত হওয়ায় পিস্তলের গুলিবর্ষণ করা হয়। গুলিবর্ষণের সময় মন্দির প্রাঙ্গণে অবস্থানকারী ভক্তদের মাঝে ছুটোছুটি ও আর্তচিত্কারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় এলাকাবাসী হামলাকারী শরিফুল ইসলামকে (২৮) আটটি তাজা ককটেলসহ আটক করতে সক্ষম হয়। মন্দির প্রাঙ্গণ থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আটক শরিফুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের শাহাদাত হোসেনের পুত্র। তাকে রাতেই দিনাজপুরের ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
 
গুলিবর্ষণে আহত ২ জন হলেন বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের রেবতি মোহন রায়ের পুত্র রঞ্জিত কুমার রায় (২৮) ও কাহারোল উপজেলার সৈয়দপুর গ্রামের সরেন রায়ের পুত্র মিঠুন রায় (২২)। রাত সাড়ে নয়টায় উভয়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোমরে গুলিবিদ্ধ মিঠুন রায়কে আজ শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হামলাকারীদের ১ জন লালমনিরহাট সদর উপজেলার সুজন (২৫) পালিয়ে পাশ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেষ্ট এলাকায় আত্মগোপনের জন্য আজ শুক্রবার সকাল ১০টায় ওয়াহেদ আলীর বাড়ীতে প্রবেশ করে। এসময় অস্ত্রসহ আশ্রয় চাইলে পরিবারের লোকজন বাধা দিলে সুজন ২ রাউন্ড পিস্তলের গুলি বর্ষন করলে ওয়াহেদ আলীর পুত্র রফিক (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘেরাও করে হামলাকারী সুজনকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে অস্ত্রসহ সোপর্দ করেন। গুরুতর আহত রফিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
দেহচি ইসকন মন্দিরের সভাপতি মনিন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ওই মন্দিরে প্রথমে ধর্মসভা এবং পরে কীর্তন চলছিল। কীর্তন চলাকালীন সময়ে একটি মোটরসাইকেলে ৩ জন আরোহী ঘটনাস্থলে এসে ৩টি ককটেল নিক্ষেপ করে। এই ঘটনার পর ওই যুবকদের ককটেল বিস্ফোরণের প্রতিবাদ করলে তাদের মধ্য থেকে ১ জন পিস্তল বের করে পর পর ৩ রাউন্ড গুলি বর্ষন করে। গুলিতে মিঠুন ও রঞ্জিত গুলিবিদ্ধ হন।