‘অযোগ্য’ খেলোয়াড় খেলিয়ে কোপা দেল রে থেকে বহিষ্কৃত হওয়ার বিরুদ্ধে করা রিয়াল মাদ্রিদের আপিল খারিজ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।
স্পেনের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার একটি বিবৃতিতে রিয়ালের আপিল খারিজ হওয়ার কথা জানায়।
স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের বিপক্ষে কোপা দেল রের শেষ বত্রিশের প্রথম পর্বে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় দেনিস চেরিশেভকে প্রথম একাদশে নামান রিয়াল কোচ রাফায়েল বেনিতেস। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
বিষয়টি পরে জানতে পেরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাশিয়ার এই উইঙ্গারকে মাঠ থেকে তুলে নেন বেনিতেস। গত ২ ডিসেম্বর রাতে ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল রিয়াল। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন চেরিশেভ।
কাদিস আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর স্পেনের ফুটবল ফেডারেশন রিয়ালকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে। রিয়াল মাদ্রিদ তাদের আপিলে উল্লেখ করে, চেরিশেভের নিষেধাজ্ঞা সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি; আর এ কারণে তাদের দোষারোপ করা যায় না।
বিষয়টি নিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএসএ)-এ যাওয়ার সুযোগ থাকায় রিয়ালের কোপা দেল রেতে খেলতে পারার সম্ভাবনা এখনও আছে।
