জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার তাসলিমা আনিসা আর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জুটি বাধেন এই ক্রিকেটার।
এর আগে চলতি বছরের জুলাইতে বিয়ের ঘোষণা দেন আশরাফুল। এরপর আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণ।
কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এরপর শাস্তি কমিয়ে তা আনা হয় তিন বছরে। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। প্রিয়ডটকম
