বাজে পারফরমেন্সে সাকিবের আক্ষেপ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২০:০৪
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন ব্যাটে-বলে কোনো দিকেই ভালো করতে পারেননি রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
 
এ জন্য আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে শূন্য রানে আউট হওয়ার বিষয়ে আত্ম উপলব্ধির কথা জানালেন সাকিব, ‘শটটি ছক্কা হলে হয়ত সবাই বলতো ভালো শট। আউট হয়েছি বলে বাজে শট। তবে সত্যি বলতে, দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। ওই পরিস্থিতিতে ওটা বাজে শট ছিল। আরো ভালো চিন্তা করে ব্যাটিং করা উচিত ছিল।’
 

শনিবারের এই ম্যাচে বল হাতেও ফ্লপ ছিলেন সাকিব। ৪ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি। পাননি কোনো উইকেট। বোলিং নিয়ে প্রশ্নে নিজেই ব্যাখ্যা খুঁজে পেলেন না, ‘জানি না কেন এমন হলো উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল। এখন বর্ণনা করাটা কঠিন।’