প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের সপ্তম রাউন্ডের খেলা শেষে ৬ খেলায় ১১ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল।
৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল। গোল্ডেন স্পোটির্ং ক্লাব ও তিতাস ক্লাব দাবা দল ৬ খেলায় ৬ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দিপ্তায়ন ঘোষ ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে সোনালী ব্যাংকের দেওয়ান শহিদুল আমিন, বেলাল হোসেন ও মো. আবজিদ রহমানকে পরাজিত করেন। শেখ রাসেলের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সোনালী ব্যাংকের মো. আবু হানিফের সাথে ড্র করেন।
এদিন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে তিতাস ক্লাব দাবা দলকে পরাজিত করে। নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে তিতাস ক্লাবের ফিদে মাস্টার রেজাউল হক, ফিদে মাস্টার ইউনুস হাসান ও ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনকে পরাজিত করেন। নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ড্র করেন তিতাস ক্লাবের ভারতীয় খেলোয়াড় রাজদীপ সরকারের সাথে।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল এ রাউন্ডে ২.৫-১.৫ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাবকে পরাজিত করে। জুনিয়র দলের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও মো. শরীফ হোসেন যথাক্রমে প্রিতম-প্রিজমের মোকাদ্দেসুর রহমান খান ও মোহাম্মদ ইব্রাহীম হোসেনকে পরাজিত করেন। প্রিতম-প্রিজম চেসের অনতা চৌধুরী জুনিয়র দলের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে পরাজিত করেন। জুনিয়র দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ড্র করেন প্রিজম চেসের খন্দকার কায়েস হাসানের সাথে।
এদিন লিওনাইন চেস ক্লাব ৩-১ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। বাসস
