দ্বিতীয়বারের মত বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে।
গত ফেব্রুয়ারিতে নিজ দেশের আফ্রিকান নেশন্স কাপ জয়ে তোরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া সিটির হয়েও তিনি নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন। গত মৌসুমে সিটি চেলসির পরে থেকে দ্বিতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করে। এবারও শিরোপা লড়াইয়ে এখন পর্যন্ত বেশ ভালভাবেই টিকে আছে সিটিজেনরা।
এর আগে ২০১৩ সালে এই খেতাব জয় করেছিল ৩২ বছর বয়সী তোরে। এই নিয়ে টানা সপ্তমবারের মত বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তিনি নাম লেখালেন। এই তালিকায় চলতি বছর আরো ছিলেন আন্দ্রে আইয়ু (ঘানা/সোয়ানসি সিটি), সাদিও মানে (সেনেগাল/সাউদাম্পটন), পিয়েরে-এমেরিক অবামেয়াং (গ্যাবন/বরুসিয়া ডর্টমুন্ড) এবং ইয়াসিন ব্রাহিমি (আলজেরিয়া/পোর্তো)।
এ সম্পর্কে তোরে বলেছেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়বারের মত বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করতে পেরে আমি সত্যিই গর্বিত। সেরা হবার জন্য আমি প্রতিদিনই কঠোর পরিশ্রম করি। টানা সাতবার মনোনীত হবার পরে দু’বার পুরস্কার জয় করা আমার কাছে বিশেষ কিছু’।
‘একইসাথে আমি অন্যান্য মনোনীতদেরও শ্রদ্ধা জানাতে চাই। এটা একটা দারুন পরিকল্পনা, এতে কাজের উতসাহ অনেকগুন বেড়ে যায়। বিশেষ করে আফ্রিকান ফুটবলারদের জন্য এটা অনেক বড় একটি প্রাপ্তি। আফ্রিকায় অনেক প্রতিভা রয়েছে। নিজের পারফরমেন্সের ধারা বজায় রেখে পরবর্তীর প্রজন্মের সামনে ভাল কিছু রেখে যাওয়াই এখন আমার মূল লক্ষ্য’। বাসস
