‘রান বাংলাদেশ’ অ্যাপসের উদ্বোধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৩:৪১

বাংলাদেশে প্রথমবারের মতো ‘নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন’ আগামী ১৬ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানেরই অংশ হিসেবে ‘রান বাংলাদেশ’ শিরোনামের একটি অ্যাপস তৈরি হয়েছে। যারা এই ম্যারাথনে অংশ নিবেন তারা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই নিজের গন্তব্যকে খুঁজে পাবেন।

 
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এভারেস্ট একাডেমি ও এ ফর অ্যাডভেঞ্চারের উদ্যোগে এটি নির্মাণ করেছে গ্রিন কোডারের পরিচালক পারভেজ রশিদ এবং দলনেতা রাশেদুজ্জামান রাসেল। অ্যাপসটি প্রসঙ্গে তারা জানান-দেশের বন, নদী, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনাসহ সাধারণ পর্যটন আকর্ষণের যতগুলো জায়গা রয়েছে, তার পাশাপাশি এখন মানুষের খাবার-দাবার, জীবনযাপন, কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি এখন পর্যটন খাতের মধ্যে চলে এসেছে। বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রই এখন কমিউনিটি ট্যুরিজম। এসব নিয়েই ‘রান বাংলাদেশ’ অ্যাপস।
 

গতকাল সকালে বিআইজেএফ-এর কার্যালয়ে ‘রান বাংলাদেশ’র উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা জব্বার, উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী ও এভারেস্ট একাডেমির প্রতিষ্ঠাতা মুসা ইব্রাহীম।