দেপোর্তিভোতে আটকে গেল নেইমারহীন বার্সা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৮:১৪
লা লিগার গত মাসের সেরা খেলোয়াড় নেইমার ইনজুরির জন্যে দলে নেই। আর তাতেই যেন ঘরের মাঠে পুচকে দেপোর্তিভোর সঙ্গে ঘরের মাঠে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করল বার্সেলোনা।
 
শনিবার ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় গোলশূন্য থাকার পর দারুণ এক ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে লুকাস একটি গোল শোধ করার পর ম্যাচের শেষ দিক অতিথিদের সমতায় ফেরান আলেক্স বের্গানতিনোস।
 
কুঁচকির চোটে পড়া নেইমারকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। সুট পরে ফিটফাট হয়ে ব্রাজিলের এই ফরোয়ার্ড খেলা দেখেন গ্যালারিতে বসে। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগটা পেয়েছিল শুরু থেকেই আক্রমণ চালিয়ে যাওয়া বার্সেলোনা। ডি-বক্সের ভেতর সান্দ্রো হেডে লুইস সুয়ারেজকে বল বাড়ালেও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এর পর বার বার আক্রমণ চালিয়েও গোলমুখে ব্যর্থ হচ্ছিল মেসি-সুয়ারেজরা।
 
 
বিরতির সময় ঘনিয়ে আসায় সমর্থকরা যখন একটু হতাশ হতে শুরু করেছেন তখনই বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি।৩৯তম মিনিটে ফ্রি-কিক পেয়ে আর্জেন্টিনা অধিনায়কের বাঁ পায়ে উচিয়ে মারা নিখুঁত শট  ঠেকানোর সুযোগই ছিল না গোলরক্ষকের। ৫৫তম মিনিটে দেপোর্তিভোর জালে বল ঢোকাতে পারলেও অফসাইডের বাঁশি বাজায় উদযাপন করতে পারেননি সুয়ারেজ।
 
তবে ৬২তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিতিচ। ডি বক্সের একটু বাইরে থেকে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের কোনাকুনি শট রুখতে পারেননি গোলরক্ষক। ৭১তম মিনিটে মেসির বানিয়ে দেওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি সুয়ারেজ। ৭৭তম মিনিটে ফরোয়ার্ড লুকাস ব্যবধান কমানোর পর মরিয়া হয়ে আক্রমণ চালায়  দেপোর্তিভো। তারই ফল হিসেবে ৮৬তম মিনিটে আসে আলেক্সের সমতা ফেরানো গোলটি।
 
১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে। দুই দলই এক ম্যাচ কম খেলেছে।
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৬ গোল করা নেইমারকে ছাড়া খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত বুধবার বায়ার লেভারকুজেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এবার লিগে আরেকটি ড্রতে ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে কোচ লুইস এনরিকের একটু চিন্তাতেই পড়ার কথা। গোল.কম।