সেরা একাদশ নিয়ে অনিশ্চিত কুক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:২৫
ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক গতকাল বলেছেন, দক্ষিণ অফ্রিকার বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে দলে জায়গা পেতে ছেলেদের কঠিন লড়াই আশা করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা পৌঁছে দলের প্রথম সংবাদ সম্মেলনে কুক বলেন, আমার সেরা একাদশ আমি এখনো জানিনা।
 
আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রথম অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে ইংলিশরা। একই দলের বিপক্ষে ২০ ডিসেম্বর দ্বিতীয় তিন দিনের ম্যাচ শুরু করবে কুকের নেতৃত্বাধীন দলটি। এরপর ২৬ ডিসেম্বর ডারবানে প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। কুক বলেন, অনেক কিছু আয়ত্বে আনতে হবে।
 
তিনি আরো বলেন, অনেক খেলোয়াড়ই আছে যারা দলে নিজেদেরকে নিশ্চিত করতে পারে। আমরা আমাদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে চেষ্টা করছি, ভালোরা দলে জায়গা পাবে। সম্প্রতি ভারত সফরে দক্ষিণ আফ্রিকা দল ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। তবে এটাকে খুব বেশি তাৎপর্যপূর্ণ মনে করছে না ইংলিশ কোচ ট্রেভর বেলিস। তিনি বলেন, সত্যিই ওই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না। সকলেই জানে দেশের বাইরে জয়ী হওয়াটা খুব কঠিন কাজ।
 
আমরা সেরা দলটির (বিশ্ব র‌্যাঙ্কিং) বিরুদ্ধে খেলতে যাচ্ছি এবং তারা নিজ মাটিতে খেলছে। সিরিজটি যে কঠিন হবে তা মেনে নিতে আমাদের কোন দ্বিধা নেই। দল নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন বেলিস। তবে ইতোপূর্বে কেবলমাত্র সীমিত ওভারের ম্যাচ খেলা এ্যালেক্স হেলস কুকের ওপেনিং পার্টনার হতে পারেন বলে জোরালোভাবে ইঙ্গিত দেন তিনি।
 
বেলিস বলেন, সে দলের সঙ্গে আছে এবং তার নিজের যোগ্যতাতেই দলে একটা সুযোগ পাওয়া তার প্রাপ্য। অর্থাৎ নিক কম্পটন এবং গ্যারি ব্যালান্সকে ব্যাটিংয়ের তিন নম্বরে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে।
 
তিনি আরো বলেন, কাদের খেলা উচিত সে বিষয়ে আমি একটি ধারণা পেয়েছি। তবে প্রথম টেস্টের আগে মহা গুরুত্বপূর্ণ দুটি অনুশীলন ম্যাচ আমাদের হাতে আছে। যেখান থেকে আমরা পজিশন নির্ধারণ করবো। টেস্টে উইকেটরক্ষক হিসেবে জনি বেয়ারস্টো এগিয়ে আছেন বলেও জানান বেলিস। এএফপি।