গেইল কেন খেললেন না!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১০:৪৯
একাদশ ঘোষণার সাথে সাথে গ্যালারির হাজার কয়েক মানুষ তো বটেই, পুরো বাংলাদেশের চোখ ছানাবড়া— ক্রিস গেইল কেনো একাদশে নেই!
 
প্রথম উত্তরটা পেতে খুব একটা দেরী হলো না। টসের পরই বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, বিগ ব্যাশে খেলতে গেইল মেলবোর্ন চলে ‘গেছেন’। তাকে তারা খুব মিস করবেন, এটাও উল্লেখ করলেন বরিশাল অধিনায়ক।
 
ঘটনা অবিশ্বাস করার কোনো কারণ নেই।
 
এবারের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলতে চুক্তিবদ্ধ গেইল। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পিঠের চোট কাটাতে গত আগস্টে অস্ত্রোপচার করিয়েছিলেন গেইল। বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন চার মাস পর। এবার বিপিএলে চার ম্যাচ খেলে গেইলের রান ৮, ৮, অপরাজিত ৯২ ও ৩১। এর পরই তার যাওয়ার কথা বিগ ব্যাশে। বিগ ব্যাশে রেনেগেডসের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে। তবে চুক্তি অনুযায়ী সপ্তাহখানেক আগে দলের সঙ্গে যোগ দিতে হবে গেইলকে।
 
কিন্তু মুশকিল হলো, খানিক পর বরিশালের ড্রেসিংরুম থেকে এক কর্মকর্তা বললেন, ‘নাহ। গেইল তো ঢাকায় আছে! অস্ট্রেলিয়া যায়নি।’
 
এই কর্মকর্তার দাবি, গেইল পিঠের বা বুকের ব্যথায় ভুগছেন। তিনি ব্যথার কারণে খেলছেন না। ব্যথা কমলে এবং বরিশাল ফাইনালে উঠলে গেইলকে দেখা যাবে, এমনটাও শোনালেন তিনি। এই কথার পক্ষে যুক্তি হিসেবে জানানো হলো, আগের রাতেই মেলবোর্ন রেনেগেডস গেইলকে বিপিএল ফাইনাল অবদি ঢাকায় থাকার অনুমতিও দিয়েছে!
 
ফলে দুটো পরস্পরবিরোধী তথ্য কিছুতেই মিলছিলো না। শেষ অবদি জানা গেলো, ম্যাচ শুরুর আগে ঢাকা না ছাড়লেও গেইল গতকাল রাতে ঢাকা ছেড়েছেন। তবে গত ম্যাচ না খেলার কারণ কখনোই পরিষ্কার হওয়া যায়নি—ইনজুরি, নাকি বিগ ব্যাশের ডাক?
 
এর মধ্যে তৃতীয় ও জোরালো একটা গুঞ্জন বাজারে, মূল ব্যাপার নাকি—গেইল ও বরিশালের বনিবনা না হওয়া।
 
গেইল ৫টি ম্যাচ খেলার চুক্তিতে বরিশালে এসেছেন। এখন কথা হলো, সেই পাঁচটি কী যে কোনো পাঁচটি ম্যাচ? নাকি টানা পাঁচটি ম্যাচ?
 
এই ব্যাপারটা নিয়েই নাকি ঝামেলা। বরিশাল বুলস নাকি মনে করছে, যে কোনো পাঁচটি ম্যাচ খেলার কথা গেইলের। তাই তারা প্রথম পর্বের শেষ ম্যাচ খেলায়নি তাকে; গতকাল সেই শেষ বা পঞ্চম ম্যাচটি খেলাতে চেয়েছিলো। কিন্তু গেইল নাকি দাবি করছেন, তার টানা পাঁচ ম্যাচ খেলার কথা ছিলো। তাই গ্রুপ পর্বের না খেলা ম্যাচটিকে তিনি ‘পঞ্চম ম্যাচ’ বলে দাবি করছেন। তার হিসেবে চুক্তির পাঁচ ম্যাচ নাকি খেলা হয়ে গেছে!