ধীর গতির ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:১৬
অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারের পরে হোবার্টে ধীর গতির ওভার রেটের জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 
 
হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে মাত্র তিনদিনের মধ্যেই ইনিংস ও ২১২ রানে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ এমনিতেই বেশ মানসিক অস্বস্তিতে আছে। তার উপর এই জরিমানা নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে ক্যারিবীয়দের। 
 
টেস্টের প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারের থেকে তিন ওভার কম করায় ম্যাচ রেফারী ক্রিস ব্রড ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেন। জরিমানা বাবদ প্রত্যেক খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ করে সর্বমোট ৩০ শতাংশ ও অধিনায়ক জেসন হোল্ডারকে ৬০ শতাংশ অর্থ গুনতে হবে। 
 
আইসিসি’র আইনানুযায়ী এক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি আবারো হোল্ডারের অধীনে এই একই অপরাধ করে তবে দ্বিতীয় শাস্তির কারণে তাকে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হবে। হোল্ডার নিজের উপর আনীত অভিযোগ মেনে নেয়ায় এক্ষেত্রে শুনানির আর কোন প্রয়োজন হয়নি। আগামী ২৬ ডিসেম্বর তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দুই দল মুখোমুখি হবে। বাসস।