ওএলইডি (অর্গানিক লাইটি-এমিটিং ডায়োডস) প্রযুক্তির ডিসপ্লে নিয়ে গবেষণা চালাতে তাইওয়ানে নিজেদের নতুন গবেষণাগার চালু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সেখানে অন্তত ৫০ জন প্রকৌশলী গবেষণায় অংশ নিচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, আরো পাতলা এবং বিদ্যুত্ সাশ্রয়ী ওএলইডি ডিসপ্লে বানানোর চেষ্টা করছে অ্যাপল।
‘ওএলইডি’ ডিসপ্লেগুলো আইফোন এবং আইপ্যাড নির্মাণে ব্যবহার করা হবে। নতুন গবেষণাগারের জন্য তাইওয়ানের ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান এইউ অপট্রনিক্স এবং মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইনকর্পোরেটেড থেকে কর্মী সংগ্র্রহ করেছে অ্যাপল।
বর্তমানে প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে, ওএলইডি ডিসপ্লেকে কীভাবে আরো চিকন, হালকা এবং আরো কার্যকর করা যায়। তবে গবেষণার অগ্রগতি কত দূর সে বিষয়টি গোপন রেখেছে প্রতিষ্ঠানটি।
