বাংলাদেশি কানাডিয়ানদের পরিচালনায় ক্রিকেট দল ‘বাংলা ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাব’ এ বছর স্কারবোরো ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজিত স্কারবোরো ক্রিকেট লীগের ২য় বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। সেই সঙ্গে প্রথম বিভাগে খেলার যোগ্যতাও লাভ করেছে। দলটি মোট ৮টি দলের সঙ্গে সর্বমোট ১৪টি খেলায় দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করে অর্জন করলো এই বিজয়।
এছাড়াও ‘বাংলা ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাব’ এর এস এম ওমর ফারুক পেলেন বেষ্ট বোলার, মোহাম্মদ রাকীব আল হক বেষ্ট ব্যাটসম্যান এবং আবু রুবায়েত আলম একই ম্যাচে ৬টি উইকেট জিতে পেলেন বিশেষ পুরস্কার।
দলের ক্যাপ্টেইন মামুন চৌধুরী জানালেন, বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলায় অনুপ্রাণিত হয়ে মাত্র এক বছর আগেই দলটি শুরু করেছিলো তাদের যাত্রা। দলের সকল খেলোয়াড়ই অতীতে বাংলাদেশ কিংবা টরন্টোর বিভিন্ন দলের খেলোয়াড় ছিলেন। এই দলের অধিকাংশ খেলোয়াড়ই বর্তমানে টরন্টোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশ ছেড়ে বিদেশের মাটিতে বিভিন্ন দেশের বিভিন্ন দলের কাছে দেশের নাম পৌঁছে দিতে এই দলটি প্রতিজ্ঞাবদ্ধ।
