সিঙ্গাপুর প্রণালীতে একটি রাসায়নিক ট্যাঙ্কারের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বুধবার রাতে আটটার দিকে ইন্দোনেশিয়ার বটম দ্বীপের উপকূলে কেম্যান দ্বীপের নিবন্ধিত স্টোল্ট কমিটমেন্টের ট্যাঙ্কারটির সঙ্গে মালবাহী থর্কো ক্লাউড জাহাজটির সংঘর্ষ হয়। জাহাজটিতে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকা ছিল। এই ঘটনায় ট্যাঙ্কারটির সামান্য ক্ষতি হয়েছে।
মালবাহী জাহাজটির ১২ জন ক্রুদের মধ্যে ছয়জন নিখোঁজ হয়েছেন। বাকিদের উদ্ধার করে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
জাহাজটি ৫৬০টন জ্বালানি বহন করছিল। তবে জাহাজডুবির ঘটনায় তেল ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
সিঙ্গাপুর প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচল পথ। কিন্তু এরপরও এখানে গুরুতর দুর্ঘটনা বিরল।
