ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চান টিউলিপ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০৯
 
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে আবারো ব্রিটেনে তার প্রবেশে নিষেধাজ্ঞা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টে এই বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
 
প্রধারনমন্ত্রী প্রশ্নের সময় হ্যাম্পস্টেড ও কিলবুর্নের এমপি টিউলিপ বলেন, জনগণের ভালো যারা চান না, তাদের প্রবেশ নিষিদ্ধের ব্যাপারে আমাদের দেশে আইন রয়েছে। প্রধানমন্ত্রী কি সবার জন্য এই আইন সমানভাবে প্রয়োগে রাজি আছেন? ধনাঢ্য রাজনীতিকদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা কি আমাদের উচিত হবে?
 
সংসদে টিউলিপের বক্তব্যের জবাবে ক্যামেরন বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু বিভেদ সৃষ্টিকারীই নয়, সেই সঙ্গে অর্থহীন এবং ভুলও। আমি তার (টিউলিপ) সঙ্গে একমত। যারা মৌলবাদকে উসকে দেয় তাদের ত্যাগ করাই উচিত। তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমি একমত হতে পারছি না।
 
তিনি বলেন, বরং এই সুযোগে আমরা দেখাতে পারি, তার কথার বিরুদ্ধে যুক্তরাজ্যবাসী একমত।
 
ক্যামেরন যুক্তরাজ্যকে ‘বহু-জাতি ও বহু-বিশ্বাসের সমন্বয়ে গঠিত একটি সফল দেশ’ হিসেবে অভিহিত করে বলেন, উগ্রবাদী কিংবা তাদের ধ্যানধারণাকে ঠেকানোর পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে আরো অনেক কিছু করার সুযোগ আমাদের আছে।
 
ট্রাম্পের বক্তব্যকে ‘বিভেদ সৃষ্টিকারী’, ‘মূর্খতা’ ও ‘ভুল’ বলেও অভিহিত করেন ক্যামেরন।
 
সম্প্রতি ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাজ্যে তার প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে অনলাইনে একটি পিটিশনে ভোট দেয়ার ব্যবস্থা করে ব্রিটিশ সরকার। টিউলিপ সিদ্দিকও এই পিটিশনের পক্ষে অবস্থান নিয়েছেন।
 
ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে করা একটি অনলাইন জরিপে এরই মধ্যে ৫ লাখ স্বাক্ষর পড়েছে।
 
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধের দাবি জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্ত থেকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। খবর: এক্সপ্রেস ও হ্যাম অ্যান্ড হাই।