হোসে মরিনহোকে বরখাস্ত করার পরে গতকাল শনিবার রাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল চেলসি। নতুন কোচ গাস হিডিঙ্ক যোগ দেয়ার আগে স্টিভ হল্যান্ডের অধীনে দারুণ উজ্জীবিত পারফরম্যান্সে ঘরের মাঠে তাদের ৩-১ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি।
একের পর এক বাজে পারফরম্যান্সের জন্য গত বৃহস্পতিবার হোসে মরিনহোকে ছাঁটাই করে চেলসি কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন কোচ হিডিংক ডাগআউটে ছিলেন না, ভিআইপি বক্সে বসে খেলা দেখেন তিনি। ১৩ মিনিটের মধ্যে শিষ্যদের ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়াটা নিশ্চিতভাবেই সন্তুষ্ট করেছে এই ডাচ কোচকে।
সপ্তম মিনিটে উইলিয়ানের কর্নারে লাফিয়ে উঠে হেডে চেলসিকে এগিয়ে দেন সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। ছয় মিনিট বাদে ডি বক্সের মধ্যে থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো।
এ মৌসুমে বারবার হোঁচট খাওয়া চেলসিকে এ দিন পুরো ভিন্ন রূপে দেখা যায়। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো দলটি ৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু দিয়েগো কস্তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়ায় চেলসি। সান্ডারল্যান্ডের গোলরক্ষক ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই স্কোরলাইন ৩-০ করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। দুই মিনিট বাদেই খুব কাছ একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগান সান্ডারল্যান্ডের ইতালির ফরোয়ার্ড ফাবিও বোরিনি। কিন্তু জেগে ওঠা চেলসির জয়ের পথে বাধা হতে পারেনি তারা।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে চেলসি। এদিকে মরিনহোকে ছাড়া চেলসি জিতলেও সমর্থকরা তার প্রতি তাদের আস্থা প্রদর্শন করেছে। খেলা চলার সময় তার নামে স্লোগান দিয়েছেন সমর্থকরা। গোল.কম।
