ইয়েমেনে সরকারি সেনাবাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের সৌদি আরব সীমান্তের কাছে হারাদ শহরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই দিন আগে হারাদের দখল নিয়েছিল সরকারি বাহিনী। বিবিসি ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কমপক্ষে ২৮ জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এদিকে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের ৪০ সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই সংঘর্ষে আরো ৫০ বিদ্রোহী ও ৪০ সরকারি বাহিনীর সদস্য আহত হয়েছে।
ইয়েমেনের উপজাতি সূত্রের বরাত দিয়ে দিয়ে বিবিসি জানায়, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী শনিবার লোহিত সাগরের মিডি সমুদ্র বন্দরের দখল নিতে গেলে হুথি বিদ্রোহীরা তাদের সেনা সমাবেশ করে যার ফলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষ অব্যাহত আছে, অথচ গত মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডে জাতিসংঘ সমর্থিত একটি অস্ত্র বিরতি চুক্তির আলোচনার হচ্ছে এই দুই পক্ষের মধ্যে। বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র বিরতি ভঙ্গের অভিযোগ এনেছে যা কমপক্ষে এক সপ্তাহ অব্যাহত থাকার কথা ছিল।
হুথি বিদ্রোহীরা গত মার্চে ইয়েমেন রাজধানীর সানা’র দখল নিলে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের দখল নিতে পেরেছে তারা। সেই থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৭শ ব্যক্তি নিহত হয়েছে যার মধ্যে অর্ধেকই বেসামরিক নাগরিক। বিবিসি।
