ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল সুয়ারেজের

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২০:২৭
 
ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। স্পেনের ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি জেতেন সিলভার বল। আর মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা পান ব্রোঞ্জ বল।
 
 জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে রবিবার ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান সুয়ারেজ। পরে আরেকটি গোল করেন ২৮ বছর বয়সী উরুগুয়ের এই স্ট্রাইকার।
 
টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে বার্সেলোনা। তলপেটের ব্যথার কারণে চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারেননি মেসি। সুয়ারেজের হ্যাটট্রিকে এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইউরোপের চ্যাম্পিয়নরা।