আজহারউদ্দিনের তৃতীয় বিয়ের গুজব

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১২:২৩
 
তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এমন গুজব শোনার সেটিকে নাকোচ করে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহম্মদ আজহারউদ্দিন। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
টুইটারে আজাহার লিখেছেন, আমার তৃতীয় বিয়ের খবর ভুল ও মিথ্যা। খবর প্রকাশ করার সময় বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন।
 
এর আগে শোনা গিয়েছিল, আজহার তার বন্ধু আমেরিকার নাগরিক শ্যানন মেরিকে বিয়ে করেছেন।
 
মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, গত শনিবার আজহার তার গাড়িচালক জান মোহাম্মদের বাড়িতে যখন গিয়েছিলেন, তখন সঙ্গে থাকা শ্যাননকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। ঐ গাড়ি চালক কিছুদিন আগে মারা গেছেন।
 
আজহার প্রথমে নওরিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার। ২০১০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
 
ক্রিকেটের ক্যারিয়ারে ভারতের হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওডিআই খেলেছেন আজহার। অভিষেকে পরপর তিনটি সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি। ভারতের ক্রিকেটে একজন সফল অধিনায়কও ছিলেন তিনি। তবে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে ২০০০ সালে তাকে ক্রিকেটে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। ২০১২ সালে আদালত এই নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এর মধ্যেই আজহারের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে।