ফেসবুকে অ্যাপল লাইভ ফটোস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১১:১৭
 
তিন মাসেরও বেশি সময় পর নতুন সচল ইমেজ ফরম্যাটের ঘোষণা দিল অ্যাপল। ফেসবুকের সঙ্গে কাজ করবে  এই প্রযুক্তি জায়ান্ট। তবে এই ফরম্যাট শুধু ফেসবুকের আইওএস অ্যাপেই দেখা যাবে। আর আইফোন বা আইপ্যাডে আইওএস ৯ বা তার পরবর্তী সংস্করণগুলো ব্যবহার করছেন এমন ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
 
স্থিরছবি আর ভিডিও শটের সমন্বয় হচ্ছে লাইভ ফটোস নামের নতুন এই ফিচার। আইফোন ৬এস-এ এই ছবি চেপে ধরে রাখলে তিন সেকেন্ডের একটি ভিডিও চালু হয়, যা ওই ছবি তোলার একই সময় স্বয়ংক্রিয়ভাবে ধারণ করা হবে।
 
সিএনএন জানিয়েছে, আইফোনগুলোর সবচেয়ে আলোচিত ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে লাইভ ফটোস। তবে, এটি শুধু অ্যাপল ডিভাইসেই কাজ করবে আর শুধু অ্যাপল ব্যবহারকারীরাই এই সুবিধা পাবে, যদিও কেউ চাইলে একটি থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে জিফ তৈরি করতে পারেন।
 
এই পদক্ষেপে ফেসবুকের একীভূত হওয়ার কারণে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য আলাদা কোনো খুশির কারণ নেই। কারণ অ্যান্ড্রয়েড বা অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ফেসবুকে আগের স্থিরছবিই দেখতে পাবেন।