হাঁটুতে কিছুটা সমস্যা থাকলেও চলতি গ্রীষ্মে সকল আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।
স্মিথ বলেন, আমি সব ম্যাচ খেলতে চাই। এই সংক্ষিপ্ত বিরতিটা আমার নিজের জন্যই ভাল হবে। আমি চাই এবং আশা করছি সামনের সব ম্যাচেই মাঠে নামতে পারব। এই গ্রীষ্মে অনেক খেলা রয়েছে সুতরাং এই সংক্ষিপ্ত বিরতিটা আমার জন্য মোটেই খারাপ হবে না এবং বক্সি ডে টেস্ট খেলতে পারব।
তিনি বলেন, নিজ মাঠে সকল ম্যাচের ন্যায় আমি টি-২০ দলেরও সদস্য হতে চাই। অতএব, আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে বাকি গ্রীষ্মটা কেমন যায়, আশা করছি সব ম্যাচ খেলার ফিটনেস আমি ফিরে পাব।
এই মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটিসহ প্রথম চার টেস্টই খেলেছেন স্মিথ। তবে নিজ হাঁটুকে বিশ্রাম দেয়ার লক্ষ্যে বক্সিং ডে টেস্টের আগে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলা থেকে বিরত আছেন তিনি।
চলতি গ্রীষ্মে অস্ট্রেলিয়া দলের সামনে রয়েছে দীর্ঘসূচি। আগামী জানুয়ারি মাসে নিজ মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অসিরা। এরপর নিউজিল্যান্ড সফরে ব্ল্যাক কাপসদের বিপক্ষে খেলবে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ।
মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিন ফর্মেটেই অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য স্মিথ সব ম্যাচই খেলতে আগ্রহী।
অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করছেন ২৬ বছর বয়সী স্মিথ। আর টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে এ্যারন ফিঞ্চকে।-বাসস।
