দেশিয় শিল্পের স্বার্থ রক্ষা করে শুল্ক নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৩
 
দেশিয় কোনো শিল্পের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে এমন সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব। দেশিয় শিল্পের স্বার্থ রক্ষা করেই শুল্ক নির্ধারণ করা হচ্ছে।
 
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এন্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং এবং সেইফগার্ড মেজার্স’ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দেশিয় শিল্পের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ট্যারিফ কমিশন এ কর্মশালার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় বাণিজ্য বাধাসমূহ হ্রাস পাচ্ছে এবং শুল্কহারও কমেছে। ফলে আমদানি শুল্ক আরোপের মাধ্যমে দেশিয় শিল্প সংরক্ষণের সুযোগ কমে যাচ্ছে।
 
মন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতির ফলে সৃষ্ট প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা একদিকে যেমন রাষ্ট্রগুলোকে বিশ্ববাণিজ্যে টিকে থাকার সুযোগ করে দিয়েছে, তেমনি অনেক সময় এ প্রতিযোগিতার কারণে স্বল্প বাণিজ্য  ক্ষমতা সম্পন্ন দেশগুলোর দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
তিনি বলেন, প্রতিযোগিতার এসব ক্ষতিকর প্রভাব দেখে দেশিয় উত্পাদনকারীদের রক্ষা করার জন্য বিশ্ববাণিজ্য সংস্থার বাণিজ্য প্রতিবিধান আইনের আওতায় এন্টি ডাম্পিং, কাউন্টারভেইলিং এবং সেইফগার্ড ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।