অষ্টম জাতীয় বেতন স্কেলের মাধ্যমে সরকারি চাকরিতে সৃষ্ট বৈষম্যমূলক সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিত্সক (প্রকৃচি) সংগঠন এবং ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা গতকাল বুধবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয়ভাবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য ও বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য ও বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান সভাপতিত্ব করেন। মানববন্ধন থেকে জানানো হয়, আজ ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের জন্য যাত্রা করা হবে। ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা এক ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। তবে আসন্ন পৌরসভা নির্বাচনে যে সকল কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা এ কর্মসূচির বাইরে থাকবেন। ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. ফিরোজ খান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. মোবারক আলী, বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আ ম সেলিম রেজা, কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।
এছাড়া বেতন কাঠামোর বিরুদ্ধে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, ঘোষিত পে-স্কেলের মাধ্যমে প্রবেশ পদে তাদের স্কেল এক ধাপ নামিয়ে দেয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, অষ্টম জাতীয় বেতন স্কেলে বিজ্ঞানীদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সঙ্গে গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা। দুপুরে ঢাকা-গাজীপুর সড়কে বিজ্ঞানীরা কলোব্যাজ ধারণ করে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (প্রশাসন) ড. মো. শাহজাহান কবীর, পরিচালক (গবেষণা) ড. মো. আনসার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির আহবায়ক কৃষিবিদ ড. সৈয়দ নূরুল আলম, পরিচালক (গবেষণা) ড. মো. জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চাকরিতে যোগদানের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে বিসিএস ক্যাডারদের অষ্টম গ্রেড এবং বিজ্ঞানীদের নবম গ্রেড করা হয়েছে। এতে মেধাবীরা ভবিষ্যতে গবেষণা প্রতিষ্ঠানে যোগদানে নিরুত্সাহিত হবে। তাই চাকরিতে যোগদানের ক্ষেত্রে বিজ্ঞানীদের অষ্টম গ্রেড দিয়ে শুরুর দাবি জানান তারা।
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, বেলা ১ টার দিকে শিবপুর কলেজগেট এলাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন প্রকৃচি-বিসিএস-২৬ ক্যাডার সমন্বয় কমিটি উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডা. রেহেনা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান তাপস, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন ।
নাটোর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির কর্মকর্তারা ব্যানার-ফেস্টুন নিয়ে সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেন। বক্তারা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বেতন-ভাতা বা অন্য বাড়তি কোন সুযোগ-সুবিধার জন্য নয়, তারা আন্দোলন করছেন চাকরির মর্যাদা রক্ষার জন্য।
এসময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ডা. আলহাজ্ব উদ্দিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মকছেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, উপজেলা প্রকৃচি, ক্যাডার, নন-ক্যাডার সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বেতন বৈষম্যের প্রতিবাদে সরকারি চাকরিজীবীদের মানববন্ধন পালন করার খবর পাওয়া গেছে।
