যুবরাজে আস্থা রাখছেন গাঙ্গুলি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৫০
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে যুবরাজ সিং এর অন্তর্ভুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
 
অস্ট্রেলিয়া সফরে যুবরাজ তার প্রতি প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা- এক প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেন, তিনি ভাল করবে এবং নিজের সক্ষমতা প্রমান করতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী। ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন গাঙ্গুলি। ধোনির মধ্যে ক্রিকেটের এখনো অনেক কিছু দেয়ার আছে বলে মন্তব্য করেন ক্রিকেট এসোসিয়েশন অব কোলকাতার (ক্যাব) যুগ্ম সম্পাদক গাঙ্গুলি।
 
জামশেদপুরে এক অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ধোনি একজন গ্রেট ক্রিকেটার এবং আন্তর্জাতিক অঙ্গনে একটা মান (স্ট্যান্ডার্ড) স্থাপন করেছেন। তার মধ্যে এখনো ক্রিকেটের অনেক কিছু আছে যা দিয়ে তিনি আরো কয়েক বছর ভারতীয় ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পারেন। আগামী বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন- জানতে চাইলে গাঙ্গুলি বলেন, পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৯ সালে। অতএব এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের হাতে এখনো সময় আছে। বাসস।