ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ড সম্প্রতি পাঁচটি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এসব কারখানাকে সংস্কারের পরিকল্পনা (কারেকটিভ অ্যাকশন প্ল্যান-ক্যাপ) জমা দিতে তাগাদা দেয়া স্বত্বেও জমা দেয়নি। এ জন্য কারখানাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়। এর আগে আরো তিনটি কারখানার সঙ্গে একইভাবে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হয়।
সর্বশেষ ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা পাঁচটি কারখানা হলো চট্টগ্রামের ক্যালভিন ফ্যাশন, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার কুপার কোম্পানি লিমিটেড, আশুলিয়ার আলফা নিট অ্যাপারেলস, রাজধানীর মগবাজার এলাকার জেয়সি’জ অ্যাপারেল, নারায়ণগঞ্জের সিনসিয়ার নিট গার্মেন্টস।
কারখানার নিরাপত্তা মান উন্নয়নের লক্ষ্যে চলমান সংস্কার প্রক্রিয়ায় সময়মত কার্যকর অগ্রগতিতে ব্যর্থ হওয়ায় ১০০টি তৈরি পোশাক প্রতিষ্ঠানকে সতর্ক করেছে অ্যাকর্ড। এসব কারখানার অগ্নি, ভবনের কাঠামো ও বৈদ্যুতিক নিরাপত্তা মান উন্নয়ন করতে সংস্কারের সময়সীমা বেঁধে দেয়া হলেও তারা ব্যর্থ হওয়ায় এ সতর্কতা জারি করা হয়।
অ্যাকর্ডের বিবৃতিতে বলা হয়, এসব কারখানা ভবনের কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে পরিদর্শন করা হয়। ত্রুটি সংশোধনের লক্ষ্যে কারখানাগুলো সময়মত সংস্কার পরিকল্পনা (কারেকটিভ অ্যাকশন প্ল্যান বা ক্যাপ) জমা দিতে ব্যর্থ হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনায় ১১শ’র বেশি শ্রমিক নিহত হওয়ার পর বাংলাদেশের কারখানার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার উদ্যোগ নেয় ইউরোপ ও আমেরিকার ব্র্যান্ডগুলোর সমন্বয়ে গঠিত দুটি জোট। অ্যাকর্ডে স্বাক্ষরকারি ১৯২টি ব্র্যান্ডের কাছে পোশাক রপ্তানি করে এমন ১ হাজার ৫শ’ কারখানা পরীক্ষা ও সংস্কার কাজ তদারক করছে অ্যাকর্ড। আগামী ২০১৮ সাল পর্যন্ত এসব কারখানার সংস্কার কাজ তদারক করতে অ্যাকর্ডে স্বাক্ষরকারী ব্র্যান্ডগুলো চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাকর্ড ও অ্যালায়েস্বের পরিদর্শনে ঝঁকিপূর্ণ বিবেচনায় ইতিমধ্যে ৩৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।
