সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই হোচট খেলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে মারুফুল হকের দল। এটি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। আগের পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ছিল একটি; বাকি চার ম্যাচ হয়েছিল ড্র।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের এই ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে বক্সের মধ্যে বিপদজ্জক জায়গায় বল পেয়েও দ্রুত এগিয়ে আসা আফগানিস্তান গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন শাখাওয়াত হোসেন রনি। ম্যাচের বাকিটা সময় এই ফরোয়ার্ড ছিলেন নিষ্প্রভ। এরপর শারীরিক শক্তিতে এগিয়ে থাকা আফগানিস্তান এরপর বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে। তবে ডিফেন্ডার ইয়ামিন মুন্না আর গোলরক্ষক শহিদুল আলম সোহেলের দৃঢ়তায় ফয়সাল-নুরুল্লাহরা জালের নাগাল পায়নি। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে মুস্তাফা জাজাইয়ের ক্রস জুবায়ের আমিরির মাথা ছুঁয়ে দূরের পোস্ট ঘেষে বাইরে চলে গেলে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। এরপর দুই মিনিটের ঝড়ে হঠাত্ কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ২৯তম মিনিটে হাসান আমিনির কর্নারে সতীর্থের হেড পাসে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন মাসিন সাইঘানি।
দুই মিনিট পর ডিফেন্ডারদের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় আফগানিস্তান। আবাসিন আলিখিলের ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন অধিনায়ক ফয়সাল শায়েস্তা। নাসিরউদ্দিন চৌধূরী ফেরানোর আগেই বল গোললাইন পেরিয়ে স্কোরলাইন ২-০ করে দেয়।
৩৯তম মিনিটে সতীথের্র লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নেওয়া জুবায়ের আমিরিকে এগিয়ে এসেও আটকাতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক সোহেল। এরপর ৬৯তম মিনিটে খাইবার আমিনির প্রথম শট সোহেল আটকালেও ফিরতি শট ঠিকানা খুঁজে পেলে বড় হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ ফুটবল শুরু করা মালদ্বীপের। একই দিনে আফগানিস্তানের প্রতিপক্ষ ভুটান।
