মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে চলতি বছরে অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে সাম্প্রতিক নৈপুণ্যের কারণে মিরাজের উপরই ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে অধিনায়ক করেই যুব বিশ্বকাপের জন্য দল গঠন করেছে বিসিবি। কিন্তু বিশ্বকাপ নিজেদের মাঠে হবে বলে যুবাদের কাছে প্রত্যাশাও একটু বেশি। সেটা মেনে নিয়েই অধিনায়ক মিরাজ বলছেন এতে ভালো খেলাই তাদের একমাত্র লক্ষ্য।
অধিনায়ক মিরাজ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘দল খুব ভালো হয়েছে। দলে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় আছে। পাঁচজন ক্রিকেটার আছে যারা গত বিশ্বকাপেও খেলেছে। দলের জন্য এটা ভালো দিক, আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এছাড়া বাকি যারা আছে তারাও ভালো মানের। ভালো মানের ব্যাটসম্যান এবং বোলার আছে। সবমিলিয়ে দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করি ভালো কিছু হবে।’
বিশ্বকাপকে সামনে রেখে এক সপ্তাহ ক্যাম্প শেষে বিসিবির আমন্ত্রিত একাদশের বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুব দল। এর তিনটিতে জিতেছে তার দল। তাই দলের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। এখন আসল পরীক্ষার সময়। আসল সময়ে আসল কাজটি করতে পারলে ভালো হবে।’
তার নেতৃত্বে চলতি বছরে একাধারে চারটি সিরিজ জিতেছে যুব দল। দ্বিপাক্ষিক সিরিজের চেয়েও বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। এমনটি জানিয়ে মিরাজ বলেন, ‘সিরিজ জেতাটা ভালো দিক। তবে দ্বিপাক্ষিক সিরিজ হলে তেমন কেউ দেখে না, সেভাবে মিডিয়ায় কাভারেজও পায় না। কিন্তু বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। এখানে সবার ফোকাস থাকে। দেশে-বিদেশে অনেকেই এই খেলা দেখে। এখানে ভালো করতে পারলে সবাই জানবে। এটা আমাদের জন্য বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে চাই।’
দলের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। যার কারণে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা এখানে নিজেদের প্রমাণ করতে চাই। অধিনায়ক হিসেবে চাইবো ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে ট্রফি এনে দিতে।’ এক প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের হোমে যেহেতু খেলা, সেহেতু আমরা একটু বেশি সুযোগ পাবো। দর্শক সমর্থন আমাদের, উইকেট আমাদের চেনা জানা। এখন মাঠে এটার প্রতিফলন ঘটাতে চাই।’
প্রধান কোচ মিজানুর রহমান বাবুল যুব বিশ্বকাপের দল প্রসঙ্গে বলেন, ‘যে দলটা দেয়া হয়েছে। সেটা ভালো মানের। যারা ফর্মে ছিলো বা যাদের দলের জন্য দরকার ছিলো, তাদেরকে নেয়া হয়েছে। আমার মতে সেরা দল হয়েছে।’ আগের বিশ্বকাপে খেলা পাঁচজন ক্রিকেটার এই দলে আছেন জানিয়ে তিনি বলেন, ‘দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা আগের বিশ্বকাপেও খেলেছে। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া। তাছাড়া ওরা বেশ ফর্মে আছে। আশা করি, বিশ্বকাপে ভালো কিছু হবে।’
অধিনায়ক মিরাজের নেতৃত্ব প্রসঙ্গে কোচ বলেন, ‘মিরাজ ভালো মানের খেলোয়াড়। ও গত বিশ্বকাপেও বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছে। গত দুই বছর ধরে বাংলাদেশ যুব দলের নেতৃত্বে আছে। আমার দেখা সে ভালো মানের খেলোয়াড়, সঙ্গে ভালো মানের অধিনায়কও। অনেকদিন পর বাংলাদেশ ভালো মানের একজন দলনেতা পেল। ও ম্যাচের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারে। ওর নেতৃত্বে এবছর বাংলাদেশ ভালো খেলেছে।’
