রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৩:১০
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় ইব্রাহিম হোসেন (২৮) নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ ইব্রাহিম ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাটিকাটা এলাকায় মোখলেস কন্ট্রাক্টরের গলির দ্বীপ কুঞ্জ নামের একটি বাসার ভাড়াটিয়া। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।
 
ইব্রাহিমের বন্ধু রনি জানান, রাত ১১টার দিকে চার-পাঁচজন যুবক ইব্রাহিমের বাসার কলিংবেল বাজায়। দরজা খুলতেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ইব্রাহিমের কোমরে গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
 
ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।