হেরেও শীর্ষে লেস্টার সিটি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০৯:৫২
ক্রিস্টিয়ান বেনটেকের গোলে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ফক্স বলে খ্যাত লেস্টার এই মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে গোলশুন্য থাকলো।
 
গত নয় ম্যাচ ধরে বক্সিং ডেতে (বড়দিনের পরের দিন) ঘরের মাঠে না হারা লিভারপুল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো একটি আক্রমণ করে লিভারপুল। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কোতিনহোর ব্যর্থতায় গোল পায়নি তারা। প্রথমার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ ছিল লিভারপুলেরই। তবে লেস্টারের গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো তেমন জোরালো কোনো আক্রমণ করতে পারেনি স্বাগতিকরা।
 
লিভারপুল কাঙ্ক্ষিত গোলটি পায় ৬৩তম মিনিটে। ব্রাজিলের মিডফিল্ডার রবার্তো ফিরমিনহোর ক্রসে দারুণ দক্ষতায় পা বাড়িয়ে বল জালে জড়ান বেলজিয়ামের স্ট্রাইকার বেনটেকে। এর পর লম্বা সময়ে নিজেদের হারিয়ে খুঁজেছেন লেস্টারের খেলোয়াড়রা। লিভারপুলের রক্ষণে কোনো ভীতিই ছড়াতে পারেননি এ মৌসুমে লিগে সর্বোচ্চ ১৫ গোল করা জেমি ভার্ডি। এ মৌসুমে লিগে এই প্রথম কোনো ম্যাচে গোল পেল না ক্লদিও রানিয়েরির দল। এই হারের পরও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লেস্টার।  ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লিভারপুল। 
 
IMG0
 
লেস্টার সিটি হেরে যাওয়ায় জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের। তবে আর্সেন ওয়েঙ্গারের দলকে ৪-০ গোলে উড়িয়ে বড়দিনের পর দিনের ম্যাচে উৎসবে মাতে সাউথহ্যাম্পটন সমর্থকরা। শেন লং দুটি ও ফন্টে ও মার্টিন একটি করে গোল করেন। গোল.কম।