ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৪১

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা,বিদ্যুৎসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর দুপক্ষই তাদের মধ্যে অংশীদারিত্বের প্রশংসা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়েই একে অপরের প্রশংসা করেছেন। 

 

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন,আগামী দুই দশকের মধ্যে রাশিয়া ভারতে বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। দুটি চুল্লী নির্মাণের কাজ এখন সেখানে প্রক্রিয়াধীন।

 

গত বৃহস্পতিবার মস্কোর ক্রেমলিনে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। ৭শ কোটি ডলারের চুক্তির অধিকাংশই প্রতিরক্ষা সংক্রান্ত। তবে মোদীর সফরকালে রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশই যৌথভাবে ক্যামভ-২২৬ হেলিকপ্টার তৈরির ব্যাপারে সম্মত হয়। এসময় দুদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরনের বিষয়েও আলোচনা হয়। মোদী বলেন, আমরা রাশিয়াকে আমাদের অর্থনৈতিক কর্মপ্রক্রিয়ায় শক্তিশালী অংশীদার মনে করি। রাশিয়ায় বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মোদী। আর বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সহায়তায় করতে চায় ভারত।

 

রাশিয়া এর মধ্যেই তামিলনাড়ুর কাছে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। ভারতে মোট ১২ টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে সম্মত হয়েছে রাশিয়া।

 

চুক্তি স্বাক্ষরের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, বৈশ্বিক এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ভারতের ভূমিকাকে রাশিয়া সবসময় সমর্থন করে। তিনি বলেন, স্নায়ুযুদ্ধকাল থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার নিবিড় সম্পর্ক রয়েছে। অদূর ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে সম্পর্কের এই গভীরতা সত্ত্বেও রাশিয়ার প্রতি অসন্তুষ্ট রয়েছে ভারত। এই অসন্তোষের মূলে রয়েছে পাকিস্তানের কাছে সম্প্রতি রাশিয়ার হেলিকপ্টার বিক্রি করা। সূত্র: বিবিসি