আফগানিস্তানে চার আইএস জঙ্গির শিরশ্ছেদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩
আফগানিস্তানের আইনসভার এক সদস্যের অনুগত মিলিশিয়া বাহিনী চারজন ইসলামিক স্টেট যোদ্ধার শিরশ্ছেদ করেছে। দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের আচিন শহরে এই ঘটনা ঘটেছে।
 
নিহত আইএস যোদ্ধাদের কাটা মাথা রাস্তার সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। আফগানিস্তানে তালেবান ও স্থানীয় বিভিন্ন গ্রুপের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে ইসলামিক স্টেট যোদ্ধাদের সঙ্গে। আফগানিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি জহিরের অনুগত মিলিশিয়া বাহিনী তালেবান ও আইএস দুই বাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করছে। পাসুন নামের এই মিলিশিয়া বাহিনীর চার সদস্যকে অপহরণ করে শিরশ্ছেদ করে আইএস। তারই জবাবে তাদের চার যোদ্ধাকে অপহরণ করে শিরশ্ছেদ করে তারা। এই শিরশ্ছেদের বিষয়ে জিজ্ঞেস করা হলে ডেপুটি স্পিকার জহির বলেন, কেউ যদি আপনার স্বজনের শিরশ্ছেদ করে তার বদলে কী আপনি তাদের মিষ্টি বানিয়ে খাওয়াবেন? 
 
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছেন, আফগান সরকারি বাহিনী এর সঙ্গে সংযুক্ত নয় এবং এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। আফগানিস্তানে ভয়েস অব খলিফা নামে পশতু ভাষার একটি রেডিও প্রোগ্রামের মাধ্যমে আইএস যোদ্ধা নিয়োগ করার চেষ্টা করছে। গত সপ্তাহে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়ার দাবি করলেও জহির জানিয়েছেন ৯০ মিনিটের এই অনুষ্ঠানটি এখনো চলছে। 
 
গত সপ্তাহে আফগানিস্তানের আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল বলেছেন, আফগানিস্তানে এক থেকে তিন হাজার ইসলামিক স্টেট যোদ্ধা রয়েছে। এখনই নিয়ন্ত্রণ না করলে এই সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। রয়টার্স।