ডি গিয়া ও থিবো কোর্তোয়া, দুই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের এক ম্যাচে গোলশূণ্য ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ম্যাচটি। অন্তত পাঁচটি নিশ্চিত গোল ফিরিয়েছেন দুই পক্ষের দুই গোলরক্ষক।
চেলসি ম্যাচের আগে সাত ম্যাচ দিয়ে জয়শূন্য ছিল ইউনাইটেড। শেষ ম্যাচে স্টোক সিটির কাছে ২-০ ব্যবধানের হারে কোচ ফন গালের ওপর চাপটা আরও বাড়ে। অন্য দিকে, বরখাস্ত হওয়া হোসে মরিনহোর জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া হিডিংক এখনও জয়ের দেখা পেলেন না। আগের ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তার দল।
আবার পয়েন্ট হারানোয় দুই দলের উপরই চাপ আরও বাড়বে। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে জয় না পেলেও ভক্তদের চাওয়া মতো আক্রমণাত্মক ফুটবলই খেলে ইউনাইটেড। ওয়েইন রুনিরা কিন্তু প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়েছেন। নিজেদের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড। শুরুর একাদশে ফেরা রুনির চমৎকার পাস থেকে হুয়ান মাতার শট ক্রসবারে লাগলে সে যাত্রা বেঁচে যায় চেলসি।
দুই মিনিট পর এগিয়ে যাওয়ান সুযোগ পেয়ে যায় চেলসি। অতিথিদের হতাশ করেন গোলরক্ষক ডি গিয়া। কর্নার থেকে জন টেরির হেড ফিরিয়ে দেন তিনি। সপ্তদশ মিনিটে আবার হতাশায় ডুবতে হয় ইউনাইটেডকে। অ্যান্থনি মার্শালের জোরালো শট চেলসি গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লাগলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু আবার অতিথিদের হতাশ করেন ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া। ৫২তম মিনিটে স্বদেশের ফরোয়ার্ড পেদ্রোকে হতাশ করেন তিনি। সিজার আসপিলিকুয়েতার ফিরতি প্রচেষ্টাও ব্যর্থ করেন তিনি।
ছয় মিনিট পর চেলসির ত্রাতা কোর্তোয়া। মার্শালের পাস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় অ্যান্ডার হেরেরাকে। কিন্তু ছয় গজ দূর থেকে নেওয়া এই ফরোয়ার্ডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোর্তোয়া। প্রতি আক্রমণ থেকে ৬৩তম মিনিটে এগিয়েই যাচ্ছিল চেলসি। পেদ্রোর অসাধারণ এক পাসে ডি গিয়াকে একা পেয়ে যান নেমানিয়া মাতিচ। কিন্তু শট লক্ষ্যেই রাখতে পারেননি তিনি। অনেক ওপর দিয়ে মেরে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সার্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।বাকি সময়ে দুয়েকটা সুযোগ তৈরি করলেও কোনো দলই সেগুলো কাজে লাগাতে পারেনি। এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি। গোল.কম।
